বিজ্ঞাপন

জাপানে আরও বেশি কর্মীর জন্য সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা প্রতিমন্ত্রীর

জাপানে আরও বেশি কর্মীর জন্য সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা প্রতিমন্ত্রীর

বাংলাদেশ ও জাপান দ্বিপক্ষীয় দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছে। 

ঢাকা সফররত জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি বুধবার (১২ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ এবং দুই দেশ বর্তমানে কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে জাপানের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে বিগ-বির উদ্যোগ এবং অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় জাপানের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

তিনি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণকে স্বাগত জানান। পাশাপাশি জাপানে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মীর জন্য সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।

জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু বাংলাদেশের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে জাপান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উভয়পক্ষ আশা প্রকাশ করে যে, বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারিত্ব আগামী দিনে আরও গভীর ও বিস্তৃত হবে।

এনআই/জেডএস

বিজ্ঞাপন