সিঙ্গাপুর সরকার চট্টগ্রাম বন্দরে একটি ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে, যা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিঙ্গাপুর সফর শেষে ঢাকায় ফিরে শামা ওবায়েদ বলেন, সিঙ্গাপুরে আরও বেশি দক্ষ জনশক্তি রপ্তানি, বাণিজ্য ঘাটতি কমানো এবং বড় প্রকল্পে বিনিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি বলেন, সিঙ্গাপুরে বর্তমানে প্রায় দেড় থেকে দুই লাখ বাংলাদেশি, বিভিন্ন পেশায় কর্মরত আছেন। দেশটিতে আগামীতে আরও বেশি 'দক্ষ জনশক্তি' রপ্তানির বিষয়ে সিঙ্গাপুরের শ্রমমন্ত্রীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে বাংলাদেশ থেকে কীভাবে রপ্তানি বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
শামা ওবায়েদ বলেন, দীর্ঘদিনের শক্তিশালী সম্পর্কের ধারাবাহিকতায় সিঙ্গাপুর সরকার চট্টগ্রাম বন্দরে একটি ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে, যা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। পাশাপাশি, তিনি সিঙ্গাপুরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনকারী একটি আধুনিক প্রকল্পও পরিদর্শন করেন।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জাপান বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী রাষ্ট্র। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এবং মাতারবাড়ী প্রকল্পসহ বেশ কয়েকটি বড় মেগা প্রজেক্টে জাপানের সম্পৃক্ততা রয়েছে।
এনআই/আরএফ
