বিজ্ঞাপন

রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে ২ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে ২ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচর ও বাড্ডা এলাকা থেকে পৃথক ঘটনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ওই দুই যুবক হলেন– অটোরিকশাচালক মো. নয়ন (৩০) এবং প্রাইভেট কারচালক মো. রবিউস সানি (৩১)।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াদ মাহমুদ নাহিদ জানান, খবর পেয়ে আজ সকাল পৌনে নয়টার দিকে কামরাঙ্গীরচরের হাসান নগর এলাকার সিকদার স্কুলের গলিতে নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের সিঁড়িসংলগ্ন বাঁ পাশের কক্ষ থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তা মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানা যায়, নয়ন পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। তার পাঁচ বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে। গত মার্চ মাসে তার স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে তিনি আর্থিক সমস্যা ও হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এসব দুশ্চিন্তা থেকেই রাতের যেকোনো একসময় নিজের ঘরে সিলিং ফ্যানের হুকের সঙ্গে কালো ফিতা দিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত নয়নের বাবার নাম মৃত মোসলেম উদ্দিন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার বয়াতি কান্দি গ্রামে। তিনি হাসান নগর এলাকার ওই ভবনের সিঁড়িসংলগ্ন কক্ষে থাকতেন।

অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে উত্তর বাড্ডার স্বাধীনতা সরণির জামতলা এলাকায় ‘স্বর্ণা ড্রিমস প্রাইভেট’ নামের একটি সাততলা ভবনের সপ্তম তলার ৬-ডি ইউনিটের পূর্ব পাশের কক্ষ থেকে রবিউস সানির (৩১) মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা-পুলিশ।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত দত্ত জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, রবিউস সানি পেশায় প্রাইভেট কার চালক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পারিবারিক ও দাপ্তরিক বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন। এসব কারণে ভোরে যেকোনো সময় জানালার লোহার গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে তিনি ফাঁস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহত রবিউস সানির বাড়ি কুমিল্লা সদরের আদর্শ নগর এলাকায়। তার বাবার নাম আবদুর রাজ্জাক। তিনি উত্তর বাড্ডার স্বাধীনতা সরণির ওই ভবনের কক্ষে থাকতেন।

এসএএ/বিআরইউ