বিজ্ঞাপন

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ নিয়ে যে সিদ্ধান্ত নিলো স্টিয়ারিং কমিটি

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ নিয়ে যে সিদ্ধান্ত নিলো স্টিয়ারিং কমিটি

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’।

প্রতিযোগিতাটি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ আয়োজনকে সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ের প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এ প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠন করতে হবে। উপজেলা পর্যায়ের খেলাগুলো সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রতিটি উপজেলায় ৪ থেকে ৫টি মাঠ নির্বাচন করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মাঠগুলো খেলার উপযোগী করে তুলতে প্রয়োজনীয় সংস্কারকাজে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রতিযোগিতার মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যে জেলা, উপজেলা ও অঞ্চলভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি স্থানীয় পর্যায়ে দল গঠন, মাঠ নির্বাচন, খেলা পরিচালনা এবং অংশগ্রহণ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি করবে।

এদিকে প্রতিযোগিতার প্রচার-প্রচারণায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি ডেডিকেটেড ফেসবুক পেজ ও মিডিয়া সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ের খবর, খেলার ফলাফল, ছবি ও ভিডিওসহ নানা তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অর্থসংস্থানের বিষয়েও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, প্রতিযোগিতার ব্যয় নির্বাহে অর্থ বিভাগের পক্ষ থেকে বিশেষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উপজেলা পর্যায়ের আয়োজনের জন্য উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের যুব, ক্রীড়া ও সংস্কৃতি খাতের ১০ শতাংশ অর্থ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। প্রয়োজন হলে উপজেলা রাজস্ব তহবিল থেকেও অর্থ ব্যয় করা যাবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

আরএইচটি/বিআরইউ