বিজ্ঞাপন

ভাটারায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৪ বছরের শিশুর মৃত্যু

ভাটারায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৪ বছরের শিশুর মৃত্যু

রাজধানীর ভাটারার খিলবাড়ীরটেক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে মাহিদ ইসলাম নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩) আগস্ট বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত ওই শিশুর বাবা হাবিব হোসেন বলেন, বিকেল আনুমানিক ৩টার দিকে ভাটারার খিলবাড়ীরটেক হাজারী গলির নূরনবী মুদিখানা দোকানের পাশে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। 

তিনি বলেন, এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় আমার ছেলে। এরপর স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তী সময়ে সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে এখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে ছেলেকে মৃত বলে ঘোষণা করে।

তিনি আরও বলেন, আমাদের বাড়ি ভোলা জেলার সদর থানার রতনপুর গ্রামে। বর্তমানে আমরা খিলবাড়ীরটেক হাজারী গলির পাশেই বসবাস করছি।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এসএএ/বিআরইউ