বিজ্ঞাপন

হাসপাতালের পার্কিং-ট্রাফিক ব্যবস্থাপনায় সময়সীমা বেঁধে দিল সিডিএ

হাসপাতালের পার্কিং-ট্রাফিক ব্যবস্থাপনায় সময়সীমা বেঁধে দিল সিডিএ

চট্টগ্রাম নগরের হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থার উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষগুলোর সঙ্গে ফলো-আপ বৈঠক করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বৈঠকে পার্কিং সুবিধা বাড়ানো, প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োগ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, ড্রপিং বে সম্প্রসারণ এবং বিকল্প পার্কিং ব্যবস্থা তৈরিসহ বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সিডিএর ধারাবাহিক পরিদর্শনের পর এ ফলো-আপ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হাসপাতাল প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পার্কিং ও যান চলাচল ব্যবস্থাপনা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন।

বৈঠকে সিএসসিআর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পার্কিং সুবিধা বাড়ানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় প্রশিক্ষিত নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হবে। হাসপাতাল এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণেও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পার্কিং সুবিধা সম্প্রসারণে মেয়রের সঙ্গে আলোচনা করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থানে বহুতল পার্কিং ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

ডক্টরস হাসপাতাল কর্তৃপক্ষ সিডিএর কাছে অঙ্গীকারনামা দিয়ে জানায়, আগামী অক্টোবরের মধ্যে হাসপাতালের কার্যক্রম নির্ধারিত নতুন স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানান্তরের আগ পর্যন্ত রোগীদের জন্য পার্কিং সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেয় তারা।

পার্কভিউ হাসপাতাল ইতোমধ্যে একটি পূর্ণ ফ্লোর পার্কিংয়ের জন্য উন্মুক্ত করেছে। সিডিএর নির্দেশনা অনুযায়ী ড্রপিং বে সম্প্রসারণ, পার্কিং ও যান চলাচল ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন এবং ডিজিটাল সাইনবোর্ডে খালি পার্কিংয়ের সংখ্যা প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ পার্কিংয়ের সংখ্যা বাড়ানো, পার্কিং এলাকা পরিচ্ছন্ন রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানোর উদ্যোগের কথা জানায়। হাসপাতালের পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত পার্কিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে।

এ ছাড়া বিদ্যমান ভবনকে রিশেপ করে হাসপাতালের উপযোগী করা যায় কি না, তা যাচাই করে স্থপতিদের সমন্বয়ে এক মাসের মধ্যে পরিকল্পনা ও নকশা সিডিএর কাছে উপস্থাপন করা হবে বলে জানানো হয়। পাশাপাশি হালিশহরে অনুমোদিত স্থানে হাসপাতাল স্থানান্তরের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফলো-আপ বৈঠকে সিডিএর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, আমাদের অভিযানের পর বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ যানজট নিরসনে পার্কিং সুবিধা বৃদ্ধি ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসছেন। ইতোমধ্যে অনেক হাসপাতাল কার্যকর কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে পার্কিং ব্যবস্থায় কিছুটা উন্নতি হয়েছে এবং হাসপাতালকেন্দ্রিক যানজটেও কিছুটা স্বস্তি আসছে।

তিনি বলেন, সিডিএর পক্ষ থেকে হাসপাতালগুলোকে বিভিন্ন পর্যবেক্ষণ ও করণীয় সম্পর্কে জানানো হচ্ছে এবং প্রয়োজনীয় পরিবর্তনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন আনতে ব্যর্থ হলে চউক কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

চেয়ারম্যান আরও বলেন, হাসপাতালকেন্দ্রিক যানজট একটি সমন্বিত সমস্যা। এটি স্থায়ীভাবে সমাধানে মেয়র, জেলা প্রশাসক, ট্রাফিক কমিশনার, চট্টগ্রাম জেলা স্বাস্থ্য পরিচালক, হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে বসা হবে। সবার মতামত ও ঐকমত্যের ভিত্তিতে একটি কার্যকর কর্মপন্থা নির্ধারণ করা হবে।

এমআর/আরএফ