চট্টগ্রামের পটিয়ায় পূর্ববিরোধের জেরে এক যুবককে অপহরণ করে তিন দিন ধরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে ওই যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।
এর আগে বুধবার বিকেলে পটিয়ার শান্তিরহাট বাজারসংলগ্ন নূরজাহান কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে রেজাউল করিম (২৬) নামের ওই যুবককে উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে মো. জুনায়েদ (৩১) ও আব্দুর রহিম (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিন থেকে চারজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া এলাকার হাজীর পাড়ার বাসিন্দা রেজাউল করিমকে গত ৯ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে পটিয়ার শান্তিরহাট বাজার এলাকার সড়ক থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তাকে নূরজাহান কমিউনিটি সেন্টারের ভেতরে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়।
গ্রেপ্তার মো. জুনায়েদ পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কাজীবাড়ি এলাকার এবং আব্দুর রহিম কুসুমপুরা ইউনিয়নের উজিরবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, অপহরণের খবর পাওয়ার পর পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ও পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে বুধবার বিকেলে কমিউনিটি সেন্টার থেকে রেজাউলকে উদ্ধার করা হয়।
পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান শুরু করে। তাৎক্ষণিক পদক্ষেপের কারণে ভুক্তভোগীকে জীবিত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, অপহরণ, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় অপহৃত যুবকের পরিবারের পক্ষ থেকে পটিয়া থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দুজনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরএমএন/বিআরইউ
