চট্টগ্রামের রাউজানে ইট কেনার জন্য ব্যাংক থেকে তোলা ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. জয়নাল আবেদীন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর এলাকার সেবাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে জয়নালকে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বৃধবার (১২ আগস্ট) ভুক্তভোগী মো. আহম্মদ উল্লাহ বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হলদিয়া এলাকার কাতারপ্রবাসী মো. রাসেলের বসতবাড়ি নির্মাণের জন্য ইট কেনার পরিকল্পনা করা হয়। এ জন্য তার চাচাতো ভাই মো. আহম্মদ উল্লাহ ওরফে সাব্বির (২৬) সোমবার ব্যাংক হিসাব থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। পরে তিনি মো. রোহান (১৮) ও মো. আরফাত (২২) নামের দুজনকে সঙ্গে নিয়ে একটি ব্যক্তিগত গাড়িতে করে স্থানীয় একটি ইটভাটার উদ্দেশে রওনা হন।
বিকেল সাড়ে তিনটার দিকে তাদের গাড়িটি সেবাখোলা এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জনের একটি দল গাড়িটির গতিরোধ করে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে সাব্বিরকে জিম্মি ও মারধর করে তার কাছে থাকা ২৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগরের সিকদার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ছিনতাই হওয়া বাকি ৬ লাখ টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দলের অভিযান চলছে।
আতিকুল হা-মীম/এনটি
