ছোটবেলা থেকেই শিশুদের সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, শিশুদের মন নরম মাটির মতো। এই বয়সে তাদের যেভাবে গড়ে তোলা হবে, ভবিষ্যৎ জীবনেও তার প্রভাব থাকবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর শিল্পকলা একাডেমিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও আমার কুঁড়ির যৌথ উদ্যোগে আয়োজিত ‘জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা আমার কুঁড়ি ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, যদি একটা দেশের কৃষ্টি-সংস্কৃতিকে আমরা উজ্জ্বল করতে না পারি, তাহলে সেই দেশ সামনের দিকে এগোতে পারে না। আর সেটা নির্ভর করে মূলত শিশুদের ওপর। এই বয়সে যেটা শিখবে, আজীবন সেটাকে মনের মধ্যে লালন করবে।
তিনি বলেন, শিশুদের সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত করতে পারলে তাদের মধ্যে ভালো চিন্তা ও মানসিকতা তৈরি হবে। সমাজে চিন্তা-চেতনার অবক্ষয় ও বিবেকহীনতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, শিশুদের ভালোভাবে গড়ে তুলতে পারলে দেশের ভবিষ্যৎ সুন্দর ও উজ্জ্বল হবে।
শিশুদের সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা নিজেদের সময় ও অর্থ ব্যয় করে শিশুদের নিয়ে কাজ করছেন, তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
মাদক থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের গান, ছবি আঁকা, অভিনয় ও খেলাধুলার সুযোগ দিতে হবে। সারাক্ষণ শুধু পড়াশোনার চাপ দিলে হবে না; শিশুদের আনন্দ ও খেলাধুলার সময়ও দিতে হবে। এতে তাদের শরীর ও মস্তিষ্ক সঠিকভাবে বিকশিত হবে।
এএসএস/ এনটি
