চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) উপজেলার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে তাদের দেখতে হাসপাতালে যান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি আহত ব্যক্তি ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সে জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন জেলা প্রশাসক। এ বিষয়ে হাসপাতাল প্রশাসন, কারখানার মালিকপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন।
তিনি বলেন, যারা মারা গেছেন, তাদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইতোমধ্যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি কারও গাফিলতি বা দায় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে সুপারিশসহ সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতালে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন জেলা প্রশাসক। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এএসএস/ এনটি
