বিজ্ঞাপন

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ৯ মৃত্যু

অবহেলা থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : শিল্প সচিব

অবহেলা থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : শিল্প সচিব

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় কারও অবহেলা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প সচিব আব্দুন নাসের খান।

শনিবার (১৫ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, কেন দুর্ঘটনাটি ঘটেছে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিল্প সচিব বলেন, বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে থাকা জাহাজে হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পেয়েছেন। জাহাজে থাকা গ্যাস কীভাবে নিরাপদে অপসারণ করা যায়, সে লক্ষ্যে কাজ চলছে।

তিনি বলেন, ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেখানে বিশেষজ্ঞরা রয়েছেন। জাহাজ ভাঙা শিল্প মালিকদের সংগঠনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও পৃথক কমিটি গঠন করা হয়েছে।

আব্দুন নাসের খান জানান, দুর্ঘটনা তদন্তে শিল্প মন্ত্রণালয় ১১ সদস্যের একটি কমিটি করেছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেনজামিন রিয়াজীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে শিল্প সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় আছে কি না, থাকলে তাদের অবহেলা চিহ্নিত করতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি।

এ ছাড়া দুর্ঘটনার সময় শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম ছিল কি না, উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে ইয়ার্ড কর্তৃপক্ষের কোনো অবহেলা বা অদক্ষতা ছিল কি না এবং ইয়ার্ডে জরুরি সাড়াদানকারী দল ছিল কি না, সেসব বিষয়ও তদন্তে খতিয়ে দেখা হবে।

শিল্প সচিব বলেন, ‘আমরা দেখছি কেন ঘটনাটা ঘটল। যদি এখানে কারও কোনো অবহেলা থেকে থাকে, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে।’

তিনি আরও বলেন, ‘কালকে যে ঘটনা ঘটেছে, এটি কিন্তু কমপ্লায়েন্স একটি ইয়ার্ড। আন্তর্জাতিকভাবে তাদের যা করতে হয়, সেটা তারা করেছিল। তাদের নিরাপত্তা নিরীক্ষাও করতে হয়, করেছিল। এর পরও দুর্ঘটনা ঘটেছে।’

নিহত শ্রমিকদের জন্য গভীর দুঃখ প্রকাশ করে শিল্প সচিব বলেন, আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সকালে আটটার দিকে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি পুরোনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ৯ শ্রমিক নিহত হন। আহত হন আরও সাতজন।

আরএমএন/এসএম