সড়ক নিরাপত্তা নিশ্চিত, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আগামী ১৮ আগস্ট থেকে এ ব্যবস্থা কার্যকর হবে।
শনিবার (১৫ আগস্ট) হাইওয়ে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক প্রযুক্তিনির্ভর এআই ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করা হবে। এরপর স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে।
এ সিস্টেমের আওতায় নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো (ওভারস্পিড), অবৈধ পার্কিং, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মামলার তথ্য পাওয়ার পর আইন অমান্যকারী যানবাহনের মালিক নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে বিকাশ, নগদসহ সংশ্লিষ্ট সেবা ব্যবহার করা যাবে।
হাইওয়ে পুলিশ জানায়, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর করা সম্ভব হবে।
পুলিশের আশা, এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম চালুর ফলে মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বাড়বে। পাশাপাশি যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনা কমাতেও এটি কার্যকর ভূমিকা রাখবে।
এ ব্যবস্থা সফলভাবে বাস্তবায়নে যাত্রী সাধারণ, পরিবহন মালিক ও শ্রমিক নেতারাসহ সংশ্লিষ্ট সব অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করেছে হাইওয়ে পুলিশ।
এসএএ/আরএফ
