বিজ্ঞাপন

নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে যেন প্রশ্ন না ওঠে : ডিএসসিসি প্রশাসক

নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে যেন প্রশ্ন না ওঠে : ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, দলের নেতাকর্মীদের এমনভাবে চলতে হবে, যাতে তাদের কর্মকাণ্ড নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। ভালো হয়ে চললে দলের সঙ্গে সম্পর্ক থাকবে, অন্যায় ও খারাপ কর্মকাণ্ডে জড়ালে কোনো সম্পর্ক থাকবে না।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর রাজারবাগ-সবুজবাগ এলাকার শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির মাঠে আয়োজিত বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, আমরা যারা এই দল করি, সর্বপ্রথম আমাদের নেতাকর্মীদের ঠিক হতে হবে। আগে আমার ঘরকে ঠিক করতে হবে, যাতে আমার নেতাকর্মীদের ব্যাপারে কেউ কোনো প্রশ্ন করতে না পারে।

তিনি বলেন, জনগণ অনেক আশা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। মানুষ ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। তাই দলের নেতাকর্মীদের এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে দলের জনপ্রিয়তা ও নেতৃত্ব প্রশ্নের মুখে পড়ে। 

দলীয় গ্রুপিংয়ের সমালোচনা করে তিনি বলেন, নেতাকর্মীদের পারস্পরিক টানাটানির কারণে উন্নয়নকাজ বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার মানুষের জন্য কাজ করতে হবে।

আবদুস সালাম বলেন, ওয়ার্ড ও থানা পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদের নিজ নিজ এলাকায় রাস্তা পরিষ্কার হচ্ছে কি না, মশার ওষুধ দেওয়া হচ্ছে কি না, নাগরিক সমস্যার সমাধান হচ্ছে কি না- এসব বিষয়ে নজর রাখতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আবদুস সালাম বলেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কোনো ধরনের আপস করা যাবে না। তাদের ধরতে হবে। শুধু পুলিশের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। এলাকার মুরুব্বি, যুবক, কিশোর ও তরুণদেরও এ ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে। এলাকায় সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারলে অপরাধ কমানো সম্ভব।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটির সভাপতি বাবু পবন দাস, সাধারণ সম্পাদক বাবু গুরু দাস সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এএসএস/এমএন

বিজ্ঞাপন