জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে সদস্য কাজী লতিফুর রহমানের ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া আইডি তৈরি করে বিভিন্ন অনৈতিক সুবিধা দাবি করছে একটি অসাধু চক্র।
ভুয়া আইডিগুলোর মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো ও অপপ্রচারের অভিযোগে রাজধানীর পল্টন থানায় গত ১০ আগস্ট একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং নিজস্ব ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সবাইকে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন কাজী লতিফুর রহমান।
রোববার (১৬ আগস্ট) এ বিষয়ে এনবিআর সদস্য কাজী লতিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় ইতোমধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশও প্রতারককে খুঁজছে। ফেসবুক বন্ধুসহ সবার প্রতি আহ্বান থাকবে কেউ কোনো সুবিধা দাবি করলে বা অনৈতিক প্রস্তাব দিলে সে বিষয় সতর্ক থাকে।
জিডি সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট ২০২৬ তারিখে এনবিআরে কর্মরত মো. নেফাউল ইসলাম সরকার পল্টন থানায় জিডি দায়ের করেন। যেখানে অভিযোগ করা হয়, অজ্ঞাতপরিচয়ে ব্যক্তি বা গোষ্ঠী কাজী লতিফুর রহমানের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছে। এসব ভুয়া আইডি থেকে সহকর্মীসহ বিভিন্ন ব্যক্তির নিকট মেসেজ পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টি এবং তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালানো হচ্ছে।
ইতোমধ্যে কাজী লতিফুর রহমান তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সতর্কবার্তা দিয়ে জানান যে, তার নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া আইডি তৈরি করা হয়েছে। যে কারণে কিছু বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। যার মধ্যে রয়েছে-
অসাধু চক্রটির ভুয়া আইডি থেকে পাঠানো কোনো প্রকার ফ্রেন্ড রিকোয়েস্ট, মেসেজ বা প্রস্তাব পেলে তাতে সাড়া দেওয়া থেকে বিরত থাকা। কোনো ধরনের আর্থিক লেনদেন করা কিংবা সংবেদনশীল ব্যক্তিগত তথ্য শেয়ার না করা। মেসেঞ্জারে যেকোনো ধরনের প্রলোভন বা অনৈতিক অনুরোধ সরাসরি এড়িয়ে চলা। ভুয়া আইডিটি নজরে এলে দ্রুত ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট ও ব্লক করা।
আরএম/বিআরইউ
