চট্টগ্রামের বোয়ালখালীতে নির্মাণাধীন পাকা ঘরের পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ সোলাইমান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বটতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোলাইমান ওই এলাকার বটতল অলি বিশ্বাস বাড়ির শামসুল আলমের ছেলে।
নিহতের মা রোকেয়া বেগম বলেন, সকালে সোলাইমান তার ভাইয়ের নির্মাণাধীন পাকা ঘরের কাজের জন্য পানির লাইন চালু করতে যান। এ সময় পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্বজনরা তাকে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা ভৌমিক সকাল পৌনে ৯টার দিকে সোলাইমানকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।
আরএমএন/আরএফ
