বিজ্ঞাপন

হালদা নদী থেকে বালি-মাটি উত্তোলনের কোনো সুযোগ নেই : এমপি সরোয়ার

হালদা নদী থেকে বালি-মাটি উত্তোলনের কোনো সুযোগ নেই : এমপি সরোয়ার

হালদা নদী থেকে বালি-মাটি উত্তোলনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, হালদা নদী ও এর পরিবেশ রক্ষার প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস করা হবে না।

রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে ফটিকছড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম।

সরোয়ার আলমগীর বলেন, ‘নির্বাচনের পর থেকে বলে আসছি—হালদা নদী আমাদের হেরিটেজ, আমাদের ঐতিহ্য। এটিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। হালদা নদী ও এর পরিবেশ রক্ষার প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস করা হবে না। বালি-মাটি উত্তোলন তো প্রশ্নই আসে না।’

তিনি বলেন, হালদা নদী দেশের ঐতিহ্য ও জাতীয় সম্পদ। এ নদী রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

হালদা নদীকে ঘিরে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন সংসদ সদস্য। এ জন্য মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাকে নিয়ে একটি সমন্বিত দল গঠনের নির্দেশনা দেন তিনি।

সরোয়ার আলমগীর বলেন, সরকারি কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আত্মনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে। হালদা নদীকে কেন্দ্র করে বাস্তবমুখী কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ তৈরি করা গেলে তরুণদের এসব কার্যক্রমে সম্পৃক্ত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুলসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

আরএমএন/এসএম