বিজ্ঞাপন

খাদ্যমন্ত্রীকে সভাপতি করে জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ

খাদ্যমন্ত্রীকে সভাপতি করে জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ

খাদ্যমন্ত্রীকে সভাপতি করে ৩০ সদস্যের জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ গঠন করেছে সরকার। এ পরিষদ গঠন করে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পরিষদের সহ-সভাপতি হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। জাতীয় সংসদের স্পিকার মনোনীত একজন সংসদ সদস্যসহ জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, তথ্য ও সম্প্রচার, আইন, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, স্থানীয় সরকার, স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য এবং পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবরা পরিষদের সদস্য থাকবেন।

এছাড়া বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের প্রধানরাও পরিষদের সদস্য হিসেবে থাকবেন।

পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক, রসায়ন বিভাগের চেয়ারম্যান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সরকার মনোনীত একজন সিটি করপোরেশনের মেয়র এবং একজন উপজেলা পরিষদের চেয়ারম্যানকেও সদস্য করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব পরিষদের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’-এর উদ্দেশ্য পূরণে কর্তৃপক্ষ ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবে এ পরিষদ। প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিকে পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করা যাবে।

বছরে কমপক্ষে দুইবার পরিষদের সভা অনুষ্ঠিত হবে। খাদ্য মন্ত্রণালয় পরিষদকে সাচিবিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় কমিটি পুনর্গঠন করেছে সরকার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে ১৬ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও উপদেষ্টা কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, পররাষ্ট্র, স্বাস্থ্যসেবা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কমিটির সদস্য থাকবেন।

এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান-বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালককে কমিটির সদস্য করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন ও অর্থ অনুবিভাগের প্রধান কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এসএইচআর/এসএম