ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, সবার সঙ্গে সমন্বয় করে এই ঢাকাকে ক্লিন এবং গ্রীন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
রোববার (১৬ আগস্ট) উত্তরায় ডিএনসিসি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশাসক বলেন, ফরেস্ট, বনায়ন পেছনে মিয়াকো বন উদ্বোধন করেছি। ইতোমধ্যে ৩০ হাজারেরও বেশি গাছ বৃক্ষরোপণ করেছি। আমরা পর্যায়ক্রমে এখানে যদি জায়গা না থাকে থার্ড পেজে আমাদের জায়গা নির্ণয় করা আছে। লেকের ওই পাশে আমরা বৃক্ষরোপণ করব। প্রধানমন্ত্রী ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সরকারের উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাকে সহযোগিতা করব।
প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে কোনো ভালো ও উন্নয়নমূলক কাজ করতে গিয়ে যদি কোনো বিশেষ গোষ্ঠী কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে অতীতের মতো ঐক্যবদ্ধ থেকে কাজগুলো বাস্তবায়ন করবো। যতদিন বেঁচে থাকবো আমরা আমাদের নেত্রীর আদর্শে, তিনি যেভাবে দেশের জন্য, মানুষের জন্য কাজ করেছেন সেই কাজগুলো ধারাবাহিকভাবে আমরা বাস্তবায়ন করব। আপনারা আমাদের দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধা, আপনারা আমাদের পাশে সব ভালো ও উন্নয়নমূলক কাজে সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী প্রমুখ।
এএসএস/জেআই
