বিজ্ঞাপন

সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঐতিহ্য অক্ষুণ্ন রেখে জিয়া স্মৃতি জাদুঘর পুনর্গঠন করা হবে

ঐতিহ্য অক্ষুণ্ন রেখে জিয়া স্মৃতি জাদুঘর পুনর্গঠন করা হবে

চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরকে সাধারণভাবে মেরামত না করে এর মূল কাঠামো ও ঐতিহ্যগত বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে সংরক্ষণ ও পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রোববার (১৬ আগস্ট) চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, জিয়া স্মৃতি জাদুঘর একটি অত্যন্ত পুরনো ও ঐতিহ্যবাহী ভবন। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে ভবনটির মূল কাঠামো ও নির্মাণশৈলী অক্ষুণ্ন রেখেই সংরক্ষণ ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। 

তিনি বলেন, এটি শুধু একটি ভবন নয়, দেশের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই সাধারণ অর্থে ভবনটি মেরামত করা হবে না। এর মৌলিক কাঠামো ও ঐতিহ্যগত বৈশিষ্ট্য সংরক্ষণ করে পুনর্গঠন করা হবে। 

দেশের পুরনো ঐতিহ্য ও স্থাপনাগুলো থেকে অনেক কিছু শেখার রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভবনটি যেভাবে মূলত নির্মাণ করা হয়েছিল, তার মৌলিক বৈশিষ্ট্য ও গঠনপ্রক্রিয়া যথাসম্ভব অক্ষুণ্ন রেখে সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

পরে প্রতিমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত বিভাগীয় পর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় তিনি বলেন, সংস্কৃতি মানুষের মনস্তাত্ত্বিক বিকাশ ঘটায়। নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করে একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সুস্থ সমাজ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সংগীত, কবিতা, নাটক ও নৃত্য—এই চারটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতা শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে শুরু হয়ে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করতে হবে বলেও জানান তিনি।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে সভায় একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ড. সুকোমল বড়ুয়া, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআর/এমএসএ