বিজ্ঞাপন

অনুমোদনহীন ব্যানার-পোস্টার : চট্টগ্রামে দুই কোচিংকে জরিমানা

অনুমোদনহীন ব্যানার-পোস্টার : চট্টগ্রামে দুই কোচিংকে জরিমানা

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা ও অবৈধ ব্যানার-পোস্টার অপসারণে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে অনুমোদন ছাড়া ব্যানার ও পোস্টার সাঁটানোর দায়ে দুটি কোচিং সেন্টারকে অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে ভবিষ্যতে অনুমোদন ছাড়া ব্যানার-পোস্টার না সাঁটানোর বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) চসিকের অঞ্চল-৩-এর আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুবাইদা আক্তার।

অভিযানে এসপায়ারিং বাংলাদেশ ও মুন্না স্যার নামের দুটি কোচিং সেন্টারকে অনুমোদন ছাড়া যত্রতত্র ব্যানার ও পোস্টার সাঁটানোর দায়ে অর্থদণ্ড করা হয়। পরে চসিকের তত্ত্বাবধানে প্রতিষ্ঠান দুটির সাঁটানো সব অবৈধ ব্যানার ও পোস্টার তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।

এছাড়া ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম না করার বিষয়ে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মুচলেকা দেন।

অভিযানকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুবাইদা আক্তার বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় নগরীকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অনুমতি ছাড়া যত্রতত্র পোস্টার, ব্যানার বা ফেস্টুন টানিয়ে নগরীর সৌন্দর্য নষ্ট করা সম্পূর্ণ বেআইনি।

তিনি বলেন, যারা আইন অমান্য করে নগরীর সৌন্দর্যহানি ঘটাবে, তাদের বিরুদ্ধে নিয়মিত শাস্তিমূলক ব্যবস্থা ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এমআর/জেআই