বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান আবদুস সালামের

বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান আবদুস সালামের

দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে তার ভালো কাজগুলো থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম।

রোববার (১৬ আগস্ট) নগর ভবন অডিটরিয়ামে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান। 

আবদুস সালাম বলেন, বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়া যা করেছেন, তার জন্য সবার দোয়া করা উচিত। দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আমরণ সংগ্রাম করেছেন এবং কোনো অন্যায়ের কাছে আপস করেননি।

তিনি বলেন, আজকে স্বাভাবিকভাবে দেশের একজন নাগরিক হিসেবে আমি মনে করি, আমাদের দায়িত্ব আল্লাহর কাছে দোয়া চাওয়া-আল্লাহ, আপনি তাকে বেহেশত নসিব করেন। কারণ জীবনে অনেক কষ্ট করেছেন। কখনো অন্যায়ের কাছে আপস করেননি এবং নিজের জন্য কিছু পাওয়ার চিন্তা করেননি। তিনি মানুষের কথা চিন্তা করেছেন, দেশের কথা চিন্তা করেছেন।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে আবদুস সালাম বলেন, গণতন্ত্র না থাকলে অর্জিত স্বাধীনতাও টিকে থাকবে না। আধিপত্যবাদ দেশকে এমন জায়গায় নিয়ে যেতে পারে, যেখানে মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারবে না। তখন দেশের মানুষ নিজের ভাগ্য নিজে নির্ধারণের সুযোগও হারাবে।

তিনি বলেন, তিনি তার স্বামীর পথ ধরেই এই দেশের মানুষের জন্য লড়াই করেছেন। শেষ জীবনেও নিজের আরাম-আয়েশের কথা চিন্তা করেননি। পরিবার-পরিজন নিয়ে থাকার সুযোগ থাকলেও তিনি তা করেননি।

অনুষ্ঠানে ডিএসসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এএসএস/জেআই