বিজ্ঞাপন

চসিক মেয়র

‘গণতন্ত্রের মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়ে গেছেন খালেদা জিয়া’

‘গণতন্ত্রের মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়ে গেছেন খালেদা জিয়া’

বেগম খালেদা জিয়া তার সারাজীবনের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রের যে মশাল জ্বালিয়ে গেছেন, তা এখন তারেক রহমানের হাতে তুলে দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘এই মশাল অত্যন্ত মূল্যবান। আমাদের সবাইকে এই মশাল বহন করতে হবে।’

সোমবার (১৭ আগস্ট) কানাডার রেডহট তান্দুরি রেস্টুরেন্টের হলরুমে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কানাডা পশ্চিম বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, সাধারণ গৃহিণী থেকে রাজনীতিতে এসে বেগম খালেদা জিয়া জীবনের অধিকাংশ সময় ক্ষমতার বাইরে থেকেও আন্দোলন-সংগ্রাম করেছেন। প্রায় ৩০ বছর তিনি গণতন্ত্রের পক্ষে রাজপথে সংগ্রাম চালিয়েছেন। কঠিন রাজনৈতিক বাস্তবতায় যখন অনেকেই আপস করেছেন, তখনও তিনি শুরু থেকে শেষ পর্যন্ত এক মুহূর্তের জন্য আপস করেননি।

চসিক মেয়র বলেন, তিনি ছিলেন আপসহীন দেশপ্রেমের প্রতীক। ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের প্রতিটি সংকটে তিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন। তার ত্যাগ ও সংগ্রামের বিনিময়েই দেশে বারবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, প্রকৃত অর্থে তিনি দেশের জনগণের নেতা ছিলেন। তিনি ছিলেন মানবতার প্রতীক। দেশের মানুষের কষ্টকে তিনি নিজের কষ্ট মনে করতেন।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, বিপদে-আপদে বেগম খালেদা জিয়া সব সময় সাধারণ মানুষের পাশে ছুটে গিয়েছেন। তার শেষ সফরেও চট্টগ্রামে এসে নির্যাতিত ও অসহায় রোহিঙ্গাদের প্রতি সমবেদনা ও সহায়তা দিয়েছিলেন।

তীব্র শারীরিক অসুস্থতার মধ্যেও সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নিজের কষ্টের কথা না ভেবে তিনি সেখানে উপস্থিত তিন বাহিনীর প্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার অনুরোধ করেছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা বেগম খালেদা জিয়ার মহানুভবতা, দেশপ্রেম ও রাজনৈতিক ত্যাগের কথা স্মরণ করেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কানাডা পশ্চিম বিএনপির সভাপতি আবদুল আহাদ খন্দকারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডা পশ্চিম বিএনপির নেতা মাহবুব চৌধুরী, নাহিদ আহমেদ, জাকির খান, ইমন চৌধুরী, মাহবুব চৌধুরী রনি, আবদুল রহিম প্রমুখ।

এমআর/এসএএস