আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের বাংলাদেশ দূতাবাসে সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) আলজেরিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে দূতাবাসে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথিরা অংশ নেন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজমুল হুদা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বলেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল সমাজ থেকে সব ধরনের বৈষম্য, অবিচার ও নিপীড়ন দূর করে সুশাসনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং জুলাই সনদের আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে আরও ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি, জুলাইয়ের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় অংশগ্রহণকারী অতিথিরা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানের শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এনআই/এসএএস
