বিজ্ঞাপন

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি ফেলে পালাল কারবারিরা, উদ্ধার ৫০ কেজি গাঁজা

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি ফেলে পালাল কারবারিরা, উদ্ধার ৫০ কেজি গাঁজা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পুলিশের অভিযান টের পেয়ে একটি প্রাইভেটকার ফেলে পালিয়েছে মাদক কারবারিরা। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় বেঁদেপাড়া এলাকায় আরসিএল ফিল্ড সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় জোরারগঞ্জ থানা-পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা তিন থেকে চারজন মাদক কারবারি দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা একটি সিলভার রঙের প্রাইভেটকারে (চট্ট মেট্রো-গ-১২-৯৯৬৪) তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গাড়িটির ভেতর প্লাস্টিকের তিনটি বস্তা পাওয়া যায়। বস্তাগুলোর ভেতরে ২৫টি পোটলায় প্যাকেটজাত অবস্থায় ছিল গাঁজা। প্রতিটি পোটলায় দুই কেজি করে মোট ৫০ কেজি গাঁজা পাওয়া যায়।

পুলিশের ধারণা, উদ্ধার করা গাঁজা পরিবহনের জন্যই প্রাইভেটকারটি ব্যবহার করা হচ্ছিল। তবে অভিযানের সময় গাড়িতে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে, পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

এমআর/এসএএস