বিজ্ঞাপন

আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আজহার ইসলাম রাইয়ান নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজহার ওই এলাকার মো. শহিদুল ইসলাম ও মোছাম্মৎ রাজমিন দম্পতির একমাত্র ছেলে। তার বাবা শহিদুল ইসলাম রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল আজহার। একপর্যায়ে সবার অজান্তে সে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানি থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা শাখাওয়াত হোসেন বলেন, খেলাধুলার সময় হঠাৎ শিশুটি পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমআর/এমএন