বিজ্ঞাপন

ঢাকা পোস্টে প্রতিবেদন

হোয়াটসঅ্যাপ গ্রুপে সহকর্মীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, তদন্তে কর্তৃপক্ষ

হোয়াটসঅ্যাপ গ্রুপে সহকর্মীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, তদন্তে কর্তৃপক্ষ

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নারী কর্মকর্তাকে নিয়ে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কুরুচিপূর্ণ ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা পোস্টে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে বিএফএসএ এই পদক্ষেপ নিল। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত ১৬ আগস্ট বিএফএসএর সচিব শ্রাবন্তী রায়ের সই করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। আদেশে বলা হয়, সুইডেনে অবস্থানরত বিএফএসএর বৈজ্ঞানিক কর্মকর্তা ফারিয়া আজাদের ই-মেইলে পাঠানো যৌন হয়রানির অভিযোগ এবং এ বিষয়ে প্রকাশিত সংবাদগুলো বিবেচনায় নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষের চেয়ারম্যান।

অফিস আদেশ অনুযায়ী, তদন্ত কমিটির সদস্যরা হলেন উপ-পরিচালক বিরোদা রানী রায় এবং উপ-পরিচালক ফারুক আহমেদ।

আদেশে উল্লেখ করা হয়, খাদ্য মন্ত্রণালয়ের ১৫ আগস্টের একটি স্মারক এবং ঢাকা পোস্টে ১১ আগস্ট, বাংলা কণ্ঠে ১২ আগস্ট ও দেশ রূপান্তরে ১৩ আগস্ট প্রকাশিত সংবাদের প্রেক্ষাপটে তদন্তের নির্দেশ দেওয়া হয়। এছাড়া বিএফএসএর দুজন নারী কর্মকর্তাও সহকর্মীদের এমন অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন।

গত ১১ ঢাকা পোস্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৈজ্ঞানিক কর্মকর্তা ফারিয়া আজাদ অভিযোগ করেছেন, সহকর্মীদের একটি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে তার শারীরিক গঠন, ব্যক্তিগত ও দাম্পত্য জীবন নিয়ে কুরুচিপূর্ণ এবং যৌন ইঙ্গিতপূর্ণ আলোচনা করা হয়েছে। পরে তিনি ওই কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

প্রতিবেদন প্রকাশের পর বিএফএসএর চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানিয়েছিলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অফিস আদেশে আরও বলা হয়, তদন্ত কমিটি প্রাপ্ত সব তথ্য-উপাত্ত যাচাই করে প্রয়োজনীয় মতামতসহ প্রতিবেদন দাখিল করবে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

এসআই/জেডএস