নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া বিআরটিসির মহিলা বাস সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, এর ফলে নারী যাত্রীরা বাসে ওঠার আগেই সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন। এতে কাউন্টারে অপেক্ষার সময়ও কমবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির এই সময়ে গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব করার লক্ষ্যে মহিলা বাস সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। নারী যাত্রীদের নিরাপদ যাত্রার পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর, চট্টগ্রাম ও বগুড়া শহরে ১৩টি রুটে মোট ১৪টি বাস নিয়ে মহিলা বাস সার্ভিস চালু হচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ১০টি, বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস পরিচালিত হবে। এসব বাস ঢাকায় ১৬০টি, চট্টগ্রামে ১২টি এবং বগুড়ায় ১৬টিসহ মোট ১৮৮টি স্টপেজে যাত্রীসেবা দেবে। বাসগুলো মহিলা চালক ও মহিলা কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালিত হবে।
নারী যাত্রীদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু নারী যাত্রীদের নিরাপদ যাত্রাই নয়, মহিলা চালক ও সহকারীদের নিরাপত্তা এবং কর্মপরিবেশ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বাসগুলোতে সিসি ক্যামেরা ও জিপিএস সংযোজন করা হয়েছে।
তিনি আরও জানান, বিআরটিসির বহরে ১০০টি ইলেকট্রিক ভেহিকেল (ইভি) যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বিআরটিসির বহরে নতুন ইভি বাস যুক্ত হবে। এ ছাড়া বিআরটিসির বহরে নতুন বাস সংযোজনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রায় ৮০০ কোটি টাকা ঋণ সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করার পাশাপাশি নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক সচিব মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা প্রমুখ।
এমএইচএন/জেডএস
