চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই), চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে আগামী ২০, ২১ ও ২২ আগস্ট নগরীর পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লুতে এ এক্সপো অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় হোটেল র্যাডিসন ব্লুতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬ সাব-কমিটির আহ্বায়ক স্থপতি মো. মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর, নিরাপদ, টেকসই ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে স্থপতি, প্রকৌশলী, নির্মাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, নীতিনির্ধারকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের আয়োজন চট্টগ্রামের নগর উন্নয়ন, আধুনিক নির্মাণ প্রযুক্তি ও টেকসই স্থাপত্য নিয়ে নতুন চিন্তা ও সম্ভাবনার দ্বার খুলবে।
এবারের এক্সপোতে ঢাকা ও চট্টগ্রামের মোট ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য প্রদর্শন, ব্র্যান্ড অ্যাক্টিভেশন ও ব্যবসায়িক যোগাযোগের সুযোগ থাকবে। পাশাপাশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান, এক্সপোর উপদেষ্টা স্থপতি মেহেদী ইফতেখার, সদস্য স্থপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, স্থপতি অনিকেত চৌধুরী, স্থপতি আবদুল্লাহ রুম্মান এবং এন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুরুল হকসহ সংশ্লিষ্টরা।
এমআর/আরএফ
