চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালাল বিরোধী অভিযান চালিয়ে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে ১১টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২ এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
বিআরটিএ চট্ট মেট্রো-১ কার্যালয়ে দালালির অভিযোগে বাঁশখালী উপজেলার ছাপাছড়ি গ্রামের মো. মাসুদ আলী (৩১) এবং আনোয়ারা উপজেলার শুলকাটা গ্রামের মো. হাসেমকে (৪৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া, নগরীর বড়পুল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ১১টি মামলা করা হয়। এসব মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় একটি অটোটেম্পুও আটক করা হয়।
এমআর/এসএএস
