মিয়ানমারের সাম্প্রতিক রোহিঙ্গা-সংক্রান্ত বক্তব্যের বিষয়ে বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, মিয়ানমারের দেওয়া তথ্যের সঙ্গে বাংলাদেশ একমত নয়। বিষয়টি ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। তবে দুই দেশের মধ্যে ইতিবাচক পরিবেশে আলোচনা হয়েছে।
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব না করার প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে। সব বিষয়ে শুধু ঘোষণা দিয়ে প্রতিবাদ করলেই সমাধান হবে না। রোহিঙ্গা সংকট অত্যন্ত সংবেদনশীল। শেখ হাসিনা সরকারের করা দ্বিপক্ষীয় চুক্তি এই সংকটকে আরও জটিল করে তুলেছে।
তিনি বলেন, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। শুরুতেই কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে সংকট এতটা ঘনীভূত হতো না। সময়ের সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
সীমান্ত সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, সীমান্ত এলাকায় এ বিষয়ে দৃশ্যমান ও অন্তরালে বিভিন্ন ধরনের কাজ চলছে। আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ সেশন থাকবে বলেও জানান তিনি।
এনআই/বিআরইউ
