রাজধানীর রাজারবাগে অবস্থিত হোটেল আশরাফীকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রান্নাঘর অপরিষ্কার রাখা, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ, নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজারবাগের হোটেল আশরাফীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযানকালে হোটেলটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। সেখানে রেফ্রিজারেটরে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করতে দেখা যায়। এ ছাড়া রান্নাঘরে বিড়ালের উপস্থিতি এবং নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আরও দেখা যায়, মজুদ করা বিদেশি খাদ্যপণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য সংযুক্ত ছিল না। পাশাপাশি হোটেল কর্তৃপক্ষ রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হয়।
এসব অপরাধে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হোটেল আশরাফীকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএইচএন/এসএম
