বিজ্ঞাপন

অধ্যাপক আসাদের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে মানববন্ধন

অধ্যাপক আসাদের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে মানববন্ধন

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নাক, কান ও গলা রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চিকিৎসকরা।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অটোল্যারিংগো সোসাইটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব অধ্যাপক আহমদ সামি আল হাসানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ঢামেকের অধ্যক্ষ ও বাংলাদেশ অটোল্যারিংগো সোসাইটির সভাপতি অধ্যাপক মাজহারুল শাহীন।

সমাবেশে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি অধ্যাপক আবুল কেনান, জাতীয় নাক, কান ও গলা রোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হাসান জাফর রিফাতসহ ঢামেকের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও শিক্ষক এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর সারাদেশে একের পর এক শারীরিক হামলার ঘটনা ঘটছে। কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে। এ পরিস্থিতি চিকিৎসকদের জন্য উদ্বেগজনক এবং দেশের স্বাস্থ্যসেবার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

তারা বলেন, কর্মক্ষেত্রে চিকিৎসকদের হয়রানি ও নিরাপত্তাহীনতার পরিবেশ অব্যাহত থাকলে চিকিৎসকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। চিকিৎসকরা নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে না পারলে দেশের সামগ্রিক চিকিৎসাসেবার মান ব্যাহত হবে।

চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। 

প্রতিবাদ সভায় অধ্যাপক আহমদ সামি বলেন, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় দিন-রাত দায়িত্ব পালন করেন। অথচ কর্মস্থলে তাদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অধ্যাপক আসাদুর রহমানের মতো একজন জ্যেষ্ঠ চিকিৎসক ও শিক্ষককে যেভাবে হামলার শিকার হতে হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।

তিনি বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একজন চিকিৎসক যদি কর্মস্থলে নিরাপদ না থাকেন, তাহলে তিনি কীভাবে নির্ভয়ে রোগীর সেবা দেবেন? এ ধরনের হামলা শুধু একজন চিকিৎসকের ওপর আঘাত নয়, এটি দেশের স্বাস্থ্যব্যবস্থা ও চিকিৎসাসেবার ওপরও আঘাত।

তিনি আরও বলেন, অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তদন্তের নামে কালক্ষেপণ করে হামলাকারীদের পার পাওয়ার সুযোগ দেওয়া যাবে না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে কেউ চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর ওপর হামলার সাহস না পায়।

এমএম/আরএফ