নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দর চ্যানেল ও বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বুধবার (১৯ আগস্ট) পরিচালিত এ অভিযানে ১৭টি সুতার জাল, ১৩টি টং জালসহ বিভিন্ন ধরনের জাল স্থাপনে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বন্দর কর্তৃপক্ষের কাণ্ডারি-১২ ও চারটি স্থানীয় বোট অংশ নেয়। পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ ও একটি বোট অভিযানে সহযোগিতা করে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, বহির্নোঙর এলাকায় অবৈধভাবে স্থাপন করা এসব জাল নৌ-চলাচল ও জাহাজের নিরাপদ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। এতে নেভিগেশনাল নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা ছিল। অভিযান চালিয়ে জালগুলো অপসারণের ফলে মূল শিপিং চ্যানেল ও নেভিগেশনাল রুটে জাহাজ চলাচলের প্রয়োজনীয় স্থান উন্মুক্ত করা সম্ভব হয়েছে।
অভিযান শেষে জব্দ করা অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে নেভিগেশনাল রুটে অবস্থানরত ফিশিং বোটগুলোকে চ্যানেল এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া, নৌ-চলাচল রুট ও নেভিগেশনাল চ্যানেলে পুনরায় অবৈধভাবে জাল স্থাপন না করার জন্য সংশ্লিষ্ট মাঝিমাল্লাদের সতর্ক করা হয়েছে। চ্যানেলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের নেভিগেশনাল নিরাপত্তা বজায় রাখা, জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা দূর করা এবং কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙরে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বন্দর কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডের সমন্বিত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।
এমআর/এসএএস
