১৫ বছর ধরে তৈরি পোশাক খাতে মার্চেন্ডাইজিং ও বিপণনে কাজ করছিলেন সাভারের ব্যাংক কলোনির বাসিন্দা মো. আব্দুল্লাহ আল মুনিম। কিন্তু হঠাৎ অসুস্থতায় তিন মাস পর কর্মস্থলে ফিরেও চাকরি বাঁচাতে পারেননি। তিন সন্তান ও পরিবার নিয়ে মারাত্মক অনিশ্চয়তায় পড়েন তিনি। ঢাকা জেলা প্রশাসনের নাগরিক সেবা প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’তে একটি সহযোগিতা চেয়ে আবেদন জানান মুনিম।
বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসক ফরিদা খানমের সঙ্গে কথা বলেন তিনি। কাকতালীয়ভাবে সেখানে উপস্থিত ছিলেন তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এম এম ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মশিউর রহমান। মুনিমের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, অসুস্থতার কারণে কাজ হারানো এবং পরিবার নিয়ে সংকটের কথা শুনে এগিয়ে আসেন ওই ব্যবসায়ী। কোনো দীর্ঘ প্রক্রিয়ায় না গিয়ে তাৎক্ষণিকভাবেই নিজের প্রতিষ্ঠানে মুনিমকে উপযুক্ত পদে নিয়োগের প্রস্তাব দেন মশিউর রহমান। পরে জেলা প্রশাসকের উপস্থিতিতেই তার হাতে নতুন চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে অনেকের জীবন সংকট সহজেই কেটে যেতে পারে। শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যক্তি উদ্যোগও অসহায় মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
হাতে নিয়োগপত্র পেয়ে মুনিম জানান, দীর্ঘ অনিশ্চয়তার পর পরিবারকে নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখার সাহস পাচ্ছেন তিনি।
এনআর/এসএএস
