বিজ্ঞাপন

টেকনাফে বোটে মিলল বিদেশি রাইফেল-পিস্তলসহ ২৩২ রাউন্ড গুলি

টেকনাফে বোটে মিলল বিদেশি রাইফেল-পিস্তলসহ ২৩২ রাউন্ড গুলি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের বোট থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও ২৩২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১৯ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তর করবে। এ তথ্যের ভিত্তিতে আজ বুধবার বিসিজি স্টেশন টেকনাফের সদস্যরা নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে বোটটি দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে যায়। পরে বোটে থাকা চক্রের সদস্যরা সেটি রেখে পালিয়ে যায়।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশ রাইফেল, একটি ৯ মিমি বিদেশি পিস্তল, দুটি অস্ত্রের ম্যাগাজিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, দুই রাউন্ড তাজা ও এক রাউন্ড ফাঁকা পিস্তলের গুলিও উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, এ ঘটনায় জড়িতদের আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান চলমান থাকবে।

এমআর/আরএফ