চট্টগ্রামের পটিয়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপারের গায়ের মেয়াদ মুছে নতুন মেয়াদ বসিয়ে বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রায় ২০ হাজার পিস মেয়াদোত্তীর্ণ ডায়াপার ধ্বংস করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার পাচুরিয়া ও হালিম খাঁর চর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এবং পটিয়া থানা পুলিশের সমন্বয়ে নিয়মিত বাজার তদারকি অভিযান চালানো হয়।
অভিযানে হালিম খাঁর চর এলাকায় অবস্থিত হাক্কানিয়া পেপার অ্যান্ড পাল্প মিলে আমদানি করা বেবি ডায়াপারের মেয়াদ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাওয়ার পর কৌশলে আগের মেয়াদ মুছে ২০২৭ সালের ফেব্রুয়ারি ও ২০২৮ সালের ডিসেম্বর হিসেবে নতুন মেয়াদ বসিয়ে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ প্রায় ২০ হাজার পিস বেবি ডায়াপার কেটে ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘মেয়াদোত্তীর্ণ পণ্যের মেয়াদ পরিবর্তন করে বাজারজাত করা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে আমাদের নিয়মিত বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে।’
এ ছাড়া, পাচুরিয়া মোড় এলাকার খাজা হোটেলকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও উৎপাদনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকার ক্যাফে ফুলবন নামের একটি হোটেলকে উৎপাদিত পণ্যের মেয়াদ যথাযথভাবে উল্লেখ না করা এবং অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও প্রস্তুতের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।
আরএমএন/এসএএস
