রাজধানীর শেরেবাংলা নগরে চেকপোস্টে একটি রিকশার যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে না পারায় মো. ইসরাফিল (২৫) ও সালমা আক্তার ঝর্ণা (৪০) নামে দুজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনার সময় একটি রিকশা থামিয়ে যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। টাকা সম্পর্কে জানতে চাইলে রিকশার যাত্রী ইসরাফিল টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।
পরে সালমা আক্তার ঝর্ণা নামে এক নারী ঘটনাস্থলে এসে উদ্ধার করা টাকা নিজের বলে দাবি করেন। তবে তিনিও টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি।
পুলিশ কর্মকর্তা নিয়াজ মেহেদী বলেন, উদ্ধার করা ২৫ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইসরাফিল ও সালমা আক্তার ঝর্ণার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি আরও জানান, আটক দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এমএসি/বিআরইউ
