বিজ্ঞাপন

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতের অভিনন্দন

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতের অভিনন্দন

বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানান সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

বিবৃতিতে হেফাজতের নেতৃদ্বয় আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস, ন্যায়বিচার, ইনসাফ ও জনকল্যাণের নীতিকে সমুন্নত রেখে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি, ইসলামী মূল্যবোধ এবং আলেম-ওলামার মর্যাদা ও অধিকার রক্ষায় তিনি ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তাঁরা।

হেফাজতের নেতারা বলেন, ইসলাম ও দেশের আলেম-ওলামার সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ হবে। ধর্মীয় বিষয়ে আলেম-ওলামার মতামত ও পরামর্শ যথাযথ গুরুত্ব পাবে বলেও তাঁরা আশা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব পালনের মাধ্যমে দেশে ন্যায়, শান্তি, পারস্পরিক শ্রদ্ধা, ধর্মীয় সম্প্রীতি ও জনকল্যাণের পরিবেশ আরও সুদৃঢ় হবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও বিদেশি আগ্রাসন মোকাবিলায় তিনি সাহসী ভূমিকা পালন করবেন বলে আশা করছে হেফাজতে ইসলাম।

রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন তৈরিতে রাষ্ট্রপতি উদ্যোগী হবেন এবং আওয়ামী ফ্যাসিবাদী জালেম অপশক্তির মোকাবিলায় অভিভাবক হিসেবে কাজ করবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন হেফাজতের আমির ও মহাসচিব। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন দেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্রপতি হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেন।

এমআর/এমএসএ