চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি যাওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বারইয়ারহাট এলাকা থেকে মো. রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তারাবো এলাকায় অভিযান চালিয়ে ট্রাকের হেলপার মো. হাদিছ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে মাগুরার মহম্মদপুর থানার জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে আবুল বাশার ওরফে বাঁশিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৪ আগস্ট বিকেল আনুমানিক ৩টার দিকে জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম কোম্পানি থেকে বিভিন্ন আকারের ১৩ টন লোহার রড ট্রাকযোগে সুনামগঞ্জে পাঠানো হচ্ছিল। পথে ট্রাকভর্তি রড চুরি হয়। বিষয়টি জানার পর চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে জোরারগঞ্জ থানা পুলিশ।
পরবর্তীতে গ্রেপ্তার আবুল বাশার ওরফে বাঁশির দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই চক্রের মূলহোতা জাহাঙ্গীরকে শনাক্ত করা হয়। পরে তার বসতঘর ও মহম্মদপুর বাজারের আয়ান এন্টারপ্রাইজ নামের দোকানে অভিযান চালিয়ে চুরি যাওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করা হয়। এ ছাড়া ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে রড বহনকারী চুরি যাওয়া ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, আন্তজেলা পুলিশের সঙ্গে সমন্বয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত সময়ের মধ্যে চুরি যাওয়া বিপুল পরিমাণ লোহার রড উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমআর/এমএসএ
