সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল অবাধ, সচল ও নিরাপদ করতে কাজ করছে সরকার।
শুক্রবার (২১ আগস্ট) ডিএসসিসির আয়োজনে বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত এ নৌকা বাইচ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শেখ রবিউল আলম বলেন, বুড়িগঙ্গা, বালু, ধলেশ্বরীসহ নদীগুলোকে দূষণমুক্ত রাখতে ওয়াসা, বিআরটিএ, পর্যটন কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে পুনর্জীবিত করায় ডিএসসিসির এই উদ্যোগের প্রশংসার দাবিদার। নদীর পাড়ে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সাধারণ মানুষের হাঁটাচলা ও ভ্রমণের উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ আমরা গ্রহণ করছি।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এটি একটি অনন্য উদ্যোগ। ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আদি ঢাকার এই সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।
সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, ঢাকাকে হৃদয়ে ধারণ করতে পারলেই নগরীর প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে, আর সেই ভালোবাসা থেকেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার উদ্যোগ সফল হবে।
তিনি বলেন, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে মিনি ম্যারাথন, সাইকেল র্যালি, নাট্য উৎসব, চলচ্চিত্র উৎসবসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকার সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে। এছাড়া কামরাঙ্গীরচর এলাকায় আট লেনের সড়ক ও নদীর পাড় বাঁধাই করে দৃষ্টিনন্দন হাঁটার পথ তৈরির মতো উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে।
রাজধানী হিসেবে ঢাকার ৪১৬ বছর পূর্তিতে নগরবাসীর মনে শহরের প্রতি মমত্ববোধ, ভালোবাসা ও দায়িত্বশীলতা জাগ্রত করতে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৬টি দল অংশ নেয়। পরে সোয়ারীঘাটে ভেড়ানো শতবর্ষী স্টিমার ‘পিএস মাহমুদ’-এ আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু সহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এএসএস/এমএন
