বিজ্ঞাপন

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

শুক্রবার (২১ আগস্ট) এই শুভেচ্ছা বার্তার কথা এক বিবৃতিতে জানিয়েছে ঢাকার পাকিস্তান হাই কমিশন।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি ফখরুলের নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি ও মানুষের কল্যাণ অব্যাহত থাকবে বলে আস্থা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট জারদারি বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে নিজস্ব ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক মেলবন্ধনের ভিত্তিতে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

তিনি দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক ইতিবাচক গতিশীলতাকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের মধ্যকার সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালীকরণ এবং দুই দেশের জনগণের মধ্যে বিনিময় ও সহযোগিতা প্রসারে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার অপেক্ষায় থাকার কথাও বলেছেন আসিফ আলী জারদারি।

দায়িত্ব পালনে রাষ্ট্রপতি ফখরুলের সফলতা এবং বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, উন্নতি ও সমৃদ্ধির জন্য প্রেসিডেন্ট জারদারির শুভ কামনার কথাও বলেছে হাই কমিশন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, পরস্পরের জন্য সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে আমন্ত্রণও জানিয়েছেন আসিফ আলি জারদারি। তার বিশ্বাস, এই সফর দ্বিপাক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার এবং দুই দেশের মধ্যকার সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।

এনআই/এমএন