এইচএসসি পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে নগরের ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় নাফিসা নাওয়াল (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির বাসিন্দা মামুন মিয়া ও মুক্তা দম্পতির মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে সড়ক পার হওয়ার সময় একটি ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হন নাফিসা। দুর্ঘটনাকবলিত অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে মারিয়া নামে এক ইন্টার্ন চিকিৎসক উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ চমেক হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ঘাতক ক্রেনটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
এমআর/বিআরইউ
