বিজ্ঞাপন

খোয়াই নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

খোয়াই নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি নদ-নদীর পানির সমতল বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় হবিগঞ্জের কিছু এলাকায় খোয়াই নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (২২ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মনু, খোয়াই ও ধলাই নদীর পানি সমতল বেড়েছে। এসব নদীর পানি আগামী এক দিন আরও বাড়তে পারে। এরপর পরবর্তী দুই দিন পানি কমতে পারে।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। বিপরীতে সুরমা নদীর পানি কমেছে। আগামী দুই দিন কুশিয়ারা ও সুরমা নদীর পানি সমতল বাড়তে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী এক দিন পানি বাড়তে পারে। দ্বিতীয় ও তৃতীয় দিন পানি কমে চতুর্থ ও পঞ্চম দিন স্থিতিশীল থাকতে পারে। তবে এ নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

অপরদিকে গঙ্গা নদীর পানি সমতল বেড়েছে এবং পদ্মার পানি স্থিতিশীল রয়েছে। আগামী পাঁচ দিন গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়তে পারে। তবে এসব নদীর পানিও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। এসব নদী বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী এক দিন পানি বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন তা স্থিতিশীল থাকতে পারে।

এমএইচএন/জেডএস

বিজ্ঞাপন