বিজ্ঞাপন

দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য : মারদিয়া মমতাজ

দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য : মারদিয়া মমতাজ

দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য এবং বিদেশি প্রকৌশলীদের ওপর নির্ভরতা কমানো জরুরি বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ।

তিনি বলেন, প্রকৌশল পেশায় নৈতিকতার চর্চা বাড়ানোর পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তোলাও জরুরি।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। শনিবার (২২ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ও দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রায় চার শতাধিক প্রকৌশলী অংশ নেন।

মারদিয়া মমতাজ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও অ্যাটাচমেন্টের সুযোগ সৃষ্টি করতে হবে। গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে একটি কার্যকর গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা প্রয়োজন। পাশাপাশি মাসে অন্তত একবার সিনিয়র প্রকৌশলীদের অভিজ্ঞতা জুনিয়রদের সঙ্গে ভাগাভাগি করার কর্মসূচি নেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণে ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে দেশীয় প্রকৌশলীদের দক্ষতা ও সক্ষমতা কাজে লাগিয়ে বিদেশি প্রকৌশলীদের ওপর নির্ভরতা কমাতে হবে।

পারিবারিক মূল্যবোধ রক্ষায় প্রকৌশলীদের সন্তানদের পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একইসঙ্গে প্রতিদিন অন্তত দুই ঘণ্টা মোবাইল থেকে বিরতি নেওয়ার অভ্যাস করা প্রয়োজন।

ফোরামের সেক্রেটারি প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ফোরামের উপদেষ্টা নজরুল ইসলাম, নুরুল আমিন, প্রকৌশলী মোহাম্মদ মিয়ান তালুকদার, ন্যাশনাল ডক্টরস ফোরাম চট্টগ্রামের সভাপতি ডা. এ টি এম রেজাউল করিম, ফোরামের সহসভাপতি প্রকৌশলী মোমিনুল হক, প্রকৌশলী এস এম লোকমান কবির, প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, আইইউসির অধ্যাপক মো. আতহার উদ্দীন এবং চুয়েট ফোরাম, ঢাকার সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান বক্তব্য দেন।

এমআর/জেআই