ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ঘোষিত পরিচ্ছন্নতা অভিযান কেবল একদিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি একটি চলমান প্রক্রিয়া এবং জনগণের সচেতনতার মাধ্যমে ঢাকা শহরকে ক্লিন ঢাকা করা হবে।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর মহাখালী জোন-০৩ আঞ্চলিক কার্যালয়ের সামনে আয়োজিত বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহ উদ্বোধনকালে প্রশাসক এসব কথা বলেন।
প্রশাসক বলেন, ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ডিএনসিসির প্রতিটি জোনে ‘ক্লিন উইক’ ঘোষণা করা হয়েছে। এই ধারাবাহিকতায় আজ মহাখালীতে এই কর্মসূচির উদ্বোধন করা হলো।
প্রশাসক বলেন, ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন তাদের নিয়মিত রুটিন অনুযায়ী কাজ পরিচালনা করছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন একটি বিশাল ভৌগোলিক এলাকা। এই বিশাল জনসংখ্যার শহরকে পরিচ্ছন্ন রাখা একা সিটি করপোরেশনের পক্ষে সম্ভব নয়। তাই নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের পক্ষ থেকেও সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
তিনি বলেন, চলার পথে টিস্যু বা অন্যান্য আবর্জনা যেখানে-সেখানে ফেলার মানসিকতা পরিহার করতে হবে। প্রত্যেকে নিজ নিজ বাসাবাড়ি ও সামনের আঙিনা পরিচ্ছন্ন রাখলে নির্ধারিত সময়ের আগেই লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব হবে।
অনুষ্ঠান উদ্বোধনের পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মো. শফিকুল ইসলাম ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানির নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মো. হুমায়ুন কবির, সচিব মো. আসাদুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এএসএস/এমএসএ
