বিজ্ঞাপন

গাজীপুরের সমস্যা সমাধানে কাজ করবে ‘ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম’

গাজীপুরের সমস্যা সমাধানে কাজ করবে ‘ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম’

গাজীপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং জেলার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় কর্মরত গাজীপুরের সাংবাদিকরা। একই সঙ্গে জেলার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং সমাধানে ফোরামের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গাজীপুরের স্থানীয় প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেন।

সভায় বক্তারা বলেন, রাজধানী ঢাকার পাশের জেলা গাজীপুর হলেও নানা ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে জেলাটি বঞ্চিত হচ্ছে। শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হওয়ায় দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ প্রতিনিয়ত গাজীপুরের ওপর দিয়ে চলাচল করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থা, ভাঙাচোরা রাস্তা এবং বিভিন্ন স্থানে সড়ক দখলের কারণে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।

তারা আরও বলেন, গাজীপুরে মাদক, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধও দীর্ঘদিনের সমস্যা। এর সঙ্গে সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়ায় জননিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সভায় উপস্থিত সাংবাদিকেরা এসব সমস্যা সমাধানে ফোরামকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গাজীপুরের সম্ভাবনাগুলো তুলে ধরা, জেলার উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানো এবং নাগরিক সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে নিয়মিত কর্মসূচি গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

এসময় ফোরাম নেতারা বলেন, গাজীপুরের মানুষের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। জেলার উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কর্মসূচি পালন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

মতবিনিময় সভা শেষে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিতে আগের দায়িত্বে থাকা সিনিয়র সাংবাদিক ফয়সল আলমকে সভাপতি এবং রাশেদুল হককে সাধারণ সম্পাদক রাখা হয়েছে। সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন দৈনিক যুগান্তরের অনলাইন ইনচার্জ আতাউর রহমান।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে দেশ রূপান্তরের ফয়সল খানকে। অর্থ ও দপ্তর সম্পাদক হয়েছেন আজকের পত্রিকার এস এম নূর মোহাম্মদ। যোগাযোগবিষয়ক সম্পাদক করা হয়েছে সময়ের আলোর সাব্বির আহমেদকে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন যুগান্তরের আসাদুল্লাহ লায়ন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল ওয়ানের শাহ আলম (জয়), স্টার নিউজের আল আমিন, সময় টিভির জাকারিয়া হারুন এবং ঢাকা পোস্টের রাকিবুল হাসান তামিম।

সভায় আগামী ডিসেম্বর মাসে ফোরামের বার্ষিক সাধারণ সভা আয়োজন এবং নতুন কমিটি নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরএইচটি/জেআই

বিজ্ঞাপন