বিজ্ঞাপন

হাটহাজারীতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাটহাজারীতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম মো. তামিম (২৫)। তিনি ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া এলাকার মুন্সি মিয়ার ছেলে।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মনিয়াপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মো. তামিম নিজ বাড়ি ফটিকছড়ির রাঙামাটিয়া এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাটহাজারীর ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। পথে মনিয়াপুকুর পাড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে অটোরিকশার যাত্রী তামিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান বলেন, রাত সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়েছে।

এমআর/এমএন

বিজ্ঞাপন