বিজ্ঞাপন

সীতাকুণ্ডে ১০ শ্রমিকের মৃত্যু : বিচার ও ক্ষতিপূরণের দাবি স্কপের

সীতাকুণ্ডে ১০ শ্রমিকের মৃত্যু : বিচার ও ক্ষতিপূরণের দাবি স্কপের

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। 

শনিবার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্কপের চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়ক রবিউল হক শিমুল। এ সময় বলা হয়, গত ১৪ আগস্ট ফেরদৌস স্টিল কারখানায় বিষাক্ত গ্যাস নিঃসরণে প্রথমে ৯ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। কর্মক্ষেত্রে এমন প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। লিখিত বক্তব্য আরও বলা হয়, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার মূল দায় মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের।

দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রমে অবহেলার অভিযোগ তুলে রবিউল হক শিমুল বলেন, দুর্ঘটনার সময় শ্রমিকদের যথাযথ উদ্ধার করা হয়নি এবং তাদের অক্সিজেন ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া থেকেও বঞ্চিত রাখা হয়েছিল। এছাড়া কোন প্রক্রিয়ায় এবং কার অনুমোদনে জাহাজটি কাটার অনুমতি দেওয়া হয়েছিল, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দায়ী ব্যক্তি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে স্কপের পক্ষ থেকে বেশ কিছু জোরালো দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— নিহত ও আহত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের সমুদয় চিকিৎসা ব্যয় মালিকপক্ষকে বহন করা, নিহতদের পরিবারকে যথাযথ পুনর্বাসন এবং জাহাজভাঙা শিল্পে ন্যূনতম মজুরি ২২ হাজার টাকার গেজেট অবিলম্বে বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে স্কপের যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন ও মো. খোরশেদ আলম, এ এম নাজিম উদ্দিন এবং ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্তসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর/এমএন