রাজধানীর ডেমরা থানা এলাকায় মিক্সার ট্রাক পরিষ্কার করার সময় ওপর থেকে পড়ে গিয়ে মেহেদী হাসান (২২) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে ডেমরা থানার সারুলিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মেহেদী হাসান চাঁদপুর জেলার আব্দুর রবের ছেলে। তিনি পেশায় মিক্সার ট্রাকের হেলপার ছিলেন।
নিহতের সহকর্মী রফিকুল ইসলাম বলেন, সকালে ডেমরার সারুলিয়া এলাকায় মিক্সার ট্রাকটি পরিষ্কার করছিলেন মেহেদী। এ সময় অসাবধানতাবশত তিনি ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এসএএ/এমএন
