বিজ্ঞাপন

সুন্দরবনে নৌকাডুবির শঙ্কা, ৯৯৯-এ ফোনে মাঝিসহ ৯ পর্যটক উদ্ধার

সুন্দরবনে নৌকাডুবির শঙ্কা, ৯৯৯-এ ফোনে মাঝিসহ ৯ পর্যটক উদ্ধার

সুন্দরবনে নৌকার তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধারের সহায়তা পেয়েছেন মাঝিসহ নয়জন পর্যটক। পরে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তাদের নিরাপদে উদ্ধার করেন।

শনিবার (২২ আগস্ট) বিকেলে সুন্দরবনের সিংহের টেক এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, বিকেলে বাগেরহাট সদর সুন্দরবন সিংহের বাজার থেকে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ভাইসহ আটজন পর্যটক সুন্দরবন ঘুরতে গিয়েছেন। ঘোরাঘুরির একপর্যায়ে তাদের বহনকারী নৌকার তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু করে। যেকোনো সময় নৌকাটি ডুবে যেতে পারে বলে আশঙ্কা করে দ্রুত উদ্ধারের অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, কল পাওয়ার পর ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ডকে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করতে বলা হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কলটেকার মালিহা আক্তার। পরে উদ্ধার কার্যক্রমে কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় ও তদারকি করেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই মো. মহিউদ্দিন মুন্না।

৯৯৯-এর এই কর্মকর্তা আরও জানান, আট পর্যটক সাতক্ষীরার শ্যামনগর থানার নাপিতখালী এলাকা থেকে সুন্দরবন ঘুরতে ইঞ্জিনচালিত নৌকায় রওনা হন। তারা সুন্দরবনের সিংহের টেক এলাকায় পৌঁছালে নৌকার তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু করে।

পরে ৯৯৯ থেকে খবর পেয়ে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মাঝিসহ নয়জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

এমএসি/এমএন